চট্টগ্রাম বুলেটিন

রাশেদ প্রধানের দাবি: জাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন শহীদের রক্তের সঙ্গে বেইমানি।” তিনি দাবি করেন, আগামী নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে এবং “অন্য কারো সামনে আর মাথা নত করা যাবে না।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বিজয় নগর, পল্টন ও প্রেস ক্লাব এলাকায় ৭ দফা দাবিতে জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। তাঁর ভাষায়, “ভারতের অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই।” তিনি আরও বলেন, “আমরা বাংলার মাটিতে আর নতুন কোনো স্বৈরাচার বা ফ্যাসিজম দেখতে চাই না।”

তিনি দাবি করেন, হিন্দুস্তানি আপা, জাপা ও ১৪ দল নিষিদ্ধ করে জনগণের দাবি অনুযায়ী পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

নতুন বাংলাদেশ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “দেশের চেয়ে কম মূল্যে হিন্দুস্তানে ইলিশ যায় কেন? আদানিকে উপহার দেওয়া ৯০০ একর জমি ফেরত নেওয়া হচ্ছে না কেন? দেশের মাটি থেকে হিন্দুস্তানি ষড়যন্ত্র থামানো যাচ্ছে না কেন?”

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। তাঁর ভাষায়, “ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা ও হিন্দুস্তানের মধ্যে সম্পাদিত সব অসম গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং ঢাকা জেলা যুব জাগপা সভাপতি মোহাম্মদ শামীম।

Tags :

সর্বশেষ