মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৮৪ চট্টগ্রাম-৪ আসনে বিএনপির চূড়াণ্ড প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী।
রোববার দুপুরে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল আলম জহুর।

জানা যায়, রোববার সকাল দশটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। এসময় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের অদূরে একে অপরের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল আলম জহুর বলেন, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আসলাম চৌধুরী সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। তার অক্লান্ত পরিশ্রমে সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনের নেতাকর্মীরা আজও ঐক্যবদ্ধ। আসলাম চৌধুরী তৃণমূলের প্রাণ। কর্মীদের পালস তিনি বুঝেন। তাইতো তারা তার জন্য রাজপথে লড়াই করেছেন। তিনি একজন উদার নেতা। তিনি কোন হিংসাত্মক কাজ করেন না। সবাইকে উদারভাবে ভালোবাসেন আসলাম চৌধুরী। আজ আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। শীঘ্রই জমা দিব আমরা।
মোহাম্মদ মোরসালিন বলেন, সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলার দশটি ইউনিয়ন, একটি পৌরসভা, নগরের দুটি থানার ওয়ার্ডগুলোর নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এটাই আসলাম চৌধুরীর প্রতি নেতাকর্মীদের ভালোবাসা। এটাই প্রমাণ করে আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসনে যোগ্য প্রার্থী। আমরা আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে পারব ইনশাআল্লাহ। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা বজায় রেখে নির্বাচনী প্রচার কাজ চালাব। বিজয়ের পর আমরা মনে করি, লায়ন আসলাম চৌধুরীর মাধ্যমে সীতাকুণ্ড উন্নয়নের নগরীতে রুপ নেবে।