Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

রাউজানে আগুন: আসামি ধরতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ডিআইজির

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম সুলতানপুর শীলপাড়ায় হিন্দু সম্প্রদায়ের দুই বাড়িতে আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্তে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ।

বৃহস্পতিবার রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার ঘটনাস্থল পরিদর্শনকালে ডিআইজি পোড়া ঘর দুটি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সহায়তা চাইতে বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তাও প্রদান করেন। ডিআইজির সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ রাসেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে দুই বাড়ির বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয় এবং আগুন লাগানো হয়। পরিবারের সদস্যরা বাঁশ ও টিনের বেড়া কেটে প্রাণে রক্ষা পান। ঘটনার পর মঙ্গলবার সকালে দুই পোড়া বাড়ির ২০০ মিটার দূরে একটি ব্যানারও পাওয়া যায়, যেখানে বর্তমান অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলকে দায়ী করা হয়।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে। যথাযথ তথ্য দেয়ার জন্য ডিআইজি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Tags :

সর্বশেষ