চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতদের হামলায় প্রাণ গেল দুই প্রহরীর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গভীর রাতে ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ খালেক প্রামাণিক রতন (৩৪) ও সাইফুল ইসলাম (৩৫)। নিহতদের একজনের মরদেহ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কুমিরা ঘাটঘর এলাকার কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

থানা সূত্র জানায়, রোববার দুপুরে একটি পরিত্যক্ত জাহাজ কাটিংয়ের উদ্দেশ্যে ইয়ার্ডে ভেড়ানো হয়। রাতের অন্ধকারে কালো রঙের ইঞ্জিনচালিত একটি নৌকাযোগে একদল সশস্ত্র ডাকাত জাহাজে উঠে পড়ে। এ সময় সেখানে দায়িত্ব পালনরত দুই প্রহরী ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলার একপর্যায়ে দুই প্রহরী জাহাজ থেকে সাগরে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের পূর্ণ মরদেহ এবং অপরজনের দেহের অংশবিশেষ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঘটনাটি নিশ্চিত করে বলেন আমরা প্রাথমিকভাবে একটি ডাকাতির তথ্য পেয়েছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও আমরা নিশ্চিত না। বিষয়টির তদন্ত চলমান।

এদিকে কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম উদ্দিন জানান, ডাকাতরা জাহাজে ঢুকলে প্রহরীরা বাধা দেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তারা পানিতে পড়ে যান। এ ঘটনায় ইয়ার্ড কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

Tags :

সর্বশেষ