চট্টগ্রামের সীতা্কুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব হত্যার চতুর্থ দিনে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যাব-৭ এর একজন কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম। এর আগে গত সোমবার বিকালে জঙ্গল সলিমপুরে গ্রেপ্তারি অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব-৭ এর উপ-পরিচালক আব্দুল মোতালেব। এসময় আরও দুই র্যাব সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চতুর্থতম দিনে র্যাব মামলাটি করল।
সীতাকুণ্ড থানার ওসি জানান, বৃহস্পতিবার সকালে ২৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় র্যাব কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াছিনকে। এতে ইয়াছিন ছাড়াও দ্বিতীয় আসামি করা হয়েছে নুরুর হক ভান্ডারিকে। এছাড়াও আরও ২৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আর ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।