চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী-আকবরশাহ) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী পারিবারিক কবরস্থান এবং নগরী ও সীতাকুণ্ডে শায়িত পীর-মাশায়েকদের মাজার জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন। এসময় এলাকাবাসীও তার সাথে জেয়ারত এবং মোনাজাতে অংশ নেন। পরে সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেলহাট এলাকায় অবস্থিত হযরত মাঈনুদ্দিন শাহ (রঃ) এর মাজার জেয়ারত করেন। মাজার জেয়ারতের পাশাপাশি তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে কিছু লিফলেট বিতরণ করেন।
সকাল ৯টায় আসলাম চৌধুরী ছলিমপুর ওভারব্রীজ এলাকায় অবস্থিত হযরত কালু শাহ (রঃ) এর মাজারে আসেন। সেখানে জেয়ারত ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর আসলাম চৌধুরী চলে যান ফৌজদারহাট এলাকায় অবস্থিত হযরত শফিউর রহমান হাশেমী (রঃ) এবং মুস্তাকিম হাশেমী (রঃ) এর মাজারে। এসময় মাজার জেয়ারত শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথেও কুশল বিনিময় করেন।
পূর্বনির্ধারিত শিডিউল অনুসারে আসলাম চৌধুরী এরপর যান ভাটিয়ারীর মাদামবিবির হাটে অবস্থিত শাহজানিয়া শাহ (রঃ) এর মাজার জেয়ারতে। তারপর তিনি জেয়ারত করেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত বার আউলিয়া মাজার। জেয়ারত শেষ করেই যান কুমিরার হযরত ডাল চাল মিয়ার মাজারে। সেখান থেকে যান বাঁশবাড়ীয়ায় অবস্থিত ওয়ারিশ শাহ (রঃ) মাজারে। তারপর মুরাদপুরের ফকিরহাটের সাদেক মাস্তান (রঃ) এর মাজার এবং সর্বশেষ পৌরসভাস্থ পন্থিশাহ (রঃ) মাজারের মধ্য দিয়ে প্রথমদিনের প্রচারণা এবং মাজার জেয়ারত কর্মসূচী সমাপ্ত করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানার সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী বিএনপির আহবায়ক রফিক উদ্দিন, শামসুল আলম, সেলিম উদ্দিন, আব্বাস রশিদ, গাজী মো.সুজা উদ্দিন, মোহাম্মদ মোরছালিন, জহুরুল আলম জহুর, ফেরদৌস আহমেদ মুন্না, শাহেদ আকবর, ফেরদৌস আলম,নুরুল আনোয়ার, খোরশেদ মেম্বার, জয়নাল আবেদীন দুলাল, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলূ, ইমরোজ সেলিম মিনু, শেখ সাহাবউদ্দিন, মোঃ জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, জাহিদুল হাসান, মোজাহের উদ্দিন আশরাফ প্রমুখ।
এদিকে ধানের শীষ ও আসলাম চৌধুরীর সমর্থনে বিকালে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়।