Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

পবিত্র রমজান শুরু: সিয়াম সাধনায় দেশজুড়ে ধর্মীয় আবহ

দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি পবিত্র রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ভোরে সাহরি গ্রহণের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করেছেন। ফলে রাজধানীসহ সারা দেশে নেমে এসেছে এক পবিত্র ও ধর্মীয় আবহ।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের বিশেষ মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, ধূমপান ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার পাশাপাশি মিথ্যা, গীবত, হিংসা ও অন্যায় কাজ পরিহার করার শিক্ষাই রোজার মূল বার্তা। আলেমরা বলছেন, রমজান মানুষকে ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার চর্চায় উদ্বুদ্ধ করে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করে।

রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায় সম্পন্ন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। মুসল্লিরা মসজিদে জামাতে নামাজ আদায়ের পাশাপাশি ঘরে বসেও নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারে বেশি সময় দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে। খেজুর, ছোলা, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানানো হয়েছে।

এদিকে রমজান উপলক্ষে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। অনেক মসজিদ ও প্রতিষ্ঠানে গণইফতারের আয়োজন করা হচ্ছে। ইসলামিক চিন্তাবিদরা সমাজের বিত্তবানদের বেশি বেশি দান-সদকা ও যাকাত আদায়ের আহ্বান জানিয়েছেন।

চিকিৎসকরা রোজাদারদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সাহরি ও ইফতারে পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
পবিত্র এই মাস আত্মশুদ্ধি ও নৈতিকতার চর্চার মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে—এমন প্রত্যাশাই সবার।

 

Tags :

সর্বশেষ