চট্টগ্রাম বুলেটিন

দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও নৈতিক অবস্থান তরুণদের সাফল্যের চাবিকাঠি

তরুণ পেশাজীবীদের নৈতিক নেতৃত্ব, উদ্ভাবন ও সম্মিলিত দায়িত্ববোধের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, টেকসই জাতীয় উন্নয়নের জন্য তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব অপরিহার্য।

সোমবার (২ মার্চ) রাজধানীতে ফোরাম অব ইয়ং প্রফেশনালস আয়োজিত ‘নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পেশাজীবীরা অংশ নেন।

মন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও নৈতিক অবস্থান—এই তিনের সমন্বয়ই তরুণদের সাফল্যের চাবিকাঠি। তিনি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতাকে জাতীয় অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, চেয়ারম্যান, অগ্রণী ব্যাংক লিমিটেড। তিনি তরুণদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং পেশাগত সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক ক্ষমতায়নে তরুণদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন ফোরাম অব ইয়ং প্রফেশনালসের উপদেষ্টা রাশেদ উল হক সরকার। তিনি সংগঠনের পথচলা, সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে নেতৃত্ব বিকাশ ও পেশাগত উৎকর্ষ সাধনে ফোরামের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ফোরামের নিবেদিত সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ফোরাম ও সমাজে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

নেতৃত্ব সংলাপে তরুণ পেশাজীবীদের সামনে থাকা সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সম্মিলিত ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, উদীয়মান নেতা ও পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে ফোরাম ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখবে।

Tags :

সর্বশেষ