নিজস্ব প্রতিবেদক | সিডনি, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে দেশটির শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (ANIC)। আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছে যে, আগামী ২০ মার্চ ২০২৬ (শুক্রবার) অস্ট্রেলিয়া জুড়ে সাড়ম্বরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, ২০২৬ সালে রমজান মাস ২৯ দিনে সম্পন্ন হবে। সেই অনুযায়ী রমজানের শেষ দিন: ১৯ মার্চ বৃহস্পতিবার। সেই হিসেবে ঈদের দিন হবে ২০ মার্চ শুক্রবার। যা হিজরি সন হিসেবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।
সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং সংশ্লিষ্ট মহাকাশ গবেষণা কেন্দ্রগুলোর দেওয়া তথ্যমতে, বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে সূর্যাস্তের পর নতুন চাঁদের অবস্থান এবং দিগন্তে তার দৃশ্যমান হওয়ার স্থায়িত্ব পরীক্ষা করেই এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞরা। দেশটির কাউন্সিল কেবল স্থানীয় পর্যবেক্ষণের ওপর নির্ভর না করে প্রতিবেশী দেশগুলোর তথ্য এবং বৈশ্বিক বৈজ্ঞানিক মানদণ্ডকেও গুরুত্ব দিয়েছে।
বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ যেভাবে করা হয়েছে:
বিবৃতিতে বলা হয়, শাওয়াল মাসের সূচনা নির্ধারণে তিনটি প্রধান কারিগরি দিক বিবেচনা করা হয়েছে। এগুলো হলো, সূর্য ডোবার পূর্বেই নতুন চাঁদের জন্ম হওয়া, সূর্যাস্তের পর আকাশে চাঁদের অবস্থানের সময়কাল, অস্ট্রেলিয়া এবং এর পার্শ্ববর্তী ভৌগোলিক অঞ্চলে চাঁদ দেখার প্রকৃত সম্ভাবনা। জানা যায়, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যেখানে ঈদের জন্য রাষ্ট্রীয় কোনো সাধারণ ছুটি থাকে না, সেখানে ইমামস কাউন্সিলের এই আগাম ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে কর্মজীবী ও শিক্ষার্থীরা আগেভাগেই তাদের কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটির ব্যবস্থা করতে পারবেন এবং সামাজিক ও ধর্মীয় জমায়েতগুলো সুশৃঙ্খলভাবে আয়োজন করা সম্ভব হবে।