Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

ইঞ্জিনিয়ার বেলায়েতের হস্তক্ষেপে জ্বালানি সংকটের অবসান : সন্দ্বীপ নৌ রুটে চলবে স্পিডবোট

ডেস্ক রিপোর্ট:

নানা নাটকীয়তা ও দেন-দরবারের পর কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে দীর্ঘ প্রতীক্ষিত জ্বালানি সংকটের অবসান হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে আগামীকাল (রবিবার) থেকে পুনরায় স্পিডবোট চালুর খবর জানিয়েছে স্পিডবোট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আরকে এন্টারপ্রাইজ।

জ্বালানি সংকট নিরসনে শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা রেখেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সরাসরি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, জনস্বার্থে কর্মকর্তাদের সাথে তপ্ত বাক্যবিনিময় হলেও শেষ পর্যন্ত সরাসরি ইজারাদারকে অকটেন সরবরাহের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের রাজি করাতে সক্ষম হয়েছেন।

সন্দ্বীপের সংসদ সদস্য জনাব মোস্তফা কামাল পাশা এই সংকট নিরসনে প্রশাসনিক স্তরে জোরালো ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের যাতায়াতে যে অবর্ণনীয় কষ্ট হচ্ছিল, তা সমাধানে আমি নিজে কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এটি একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, তাই এখানে কোনো অবহেলা মেনে নেওয়া হবে না। আশা করছি কাল থেকে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে।”

স্পিডবোট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আরকে এন্টারপ্রাইজের পরিচালক জগলুল হোসেন নয়ন এই সফলতায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “জ্বালানি না থাকায় আমরা অসহায় হয়ে পড়েছিলাম। তিনি আরও নিশ্চিত করেন যে, কাল থেকে নিয়মিত সার্ভিস চালু হবে এবং নির্ধারিত ২৫০ টাকা ভাড়ার বেশি এক টাকাও নেওয়া হবে না।

গত সোমবার থেকে জ্বালানি তেলের সংকটের কারণে কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ফলে গত কয়েকদিন ধরে স্পিডবোটে চলাচলে অভ্যস্ত সন্দ্বীপের যাত্রীরা ঈদ যাত্রায় অনিশ্চয়তায় ভুগছিলেন। অবশেষে ঈদের ঠিক আগে সার্ভিসটি সচল হওয়ায় উপকূলীয় মানুষের মাঝে খুশির জোয়ার বইছে। উল্লেখ্য কুমিরা গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট ছাড়াও একটি ফেরি ও একটি সি ট্রাক নিয়মিত চলাচল করছে।

Tags :

সর্বশেষ