Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ইয়াছিনের সঙ্গে দুই পুলিশ কর্মকর্তার আঁতাতের অভিযোগ, প্রত্যাহার দাবি

যৌথ বাহিনীর অভিযানের পর জঙ্গল সলিমপুর ও আলীনগর প্রশাসনের নিয়ন্ত্রণে এলেও সেখানে পুলিশের একাংশের বিরুদ্ধে শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে গোপন আঁতাতের অভযোগ উঠেছে। গত রোববার জঙ্গল সলিমপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ এই বিস্ফোরক অভিযোগ তুলে ধরে।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি সাইদুল হক সাদু ও সাংগঠনিক সম্পাদক মীর শাহজাহান বাদশা অভিযোগ করেন, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা এবং এসআই আমিনুল আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের সঙ্গে গোপন আঁতাত ও লেনদেন বজায় রাখছেন। তারা আরও জানান, এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসার পরও ছিন্নমূলের বৈদ্যুতিক মিটারের যাবতীয় দায়িত্ব রহস্যজনকভাবে ওই সন্ত্রাসী ইয়াসিনের হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে জঙ্গল সলিমপুর ও আলীনগরের অর্থনীতির নিয়ন্ত্রণ এখনো সন্ত্রাসী ইয়াছিন চক্রের হাতেই রয়ে গেছে বলে দাবি করেন তারা।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, প্রশাসনের এমন বিতর্কিত ভূমিকার কারণে সাধারণ বাসিন্দারা শঙ্কিত। সংবাদ সম্মেলনে লুৎফুর নয়ন, আব্দুস সাত্তার ও হাসানসহ অন্যান্যরা উপস্থিত থেকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দেন যে, সন্ত্রাসীদের মদদদাতা কর্মকর্তাদের সরিয়ে না নিলে এলাকার আইন-শৃঙ্খলার অবনতি ঘটবে।

Tags :

সর্বশেষ