চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে পাঁচ ঘন্টা ধরে চোর-পুলিশ খেলা, উৎসুক জনতার ভিড়

চট্টগ্রামের হালিশহরে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে গিয়ে বেকায়দায় পড়তে হয়েছে পুলিশকে। দুপুর ১২টা থেকে প্রায় পাঁচ ঘন্টা ধরে একজন ছিনতাইকারীকে কাদা থেকে উদ্ধার করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার সংলগ্ন ডোবায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ছিনতাইকারী একটি রামদা হাতে পুলিশকে ভয় দেখিয়ে গ্রেপ্তার এড়িয়ে থাকতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী মো. রুবেলকে গ্রেপ্তারে অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। এসময় তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকান থেকে তাড়া করে দৌঁড়াতে থাকে পুলিশের সদস্যরা। এসময় ছিনতাইকারী রুবেল একটি ভবনের উপরে ওঠে যায়। কিন্তু হঠাৎ করে ওই ছিনতাইকারী একটি ডোবায় লাফ দিলে মাটিতে তার শরীর আটকে যায়।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার মজুমদার জানান, রুবেল যখন কাদায় আটকে পড়ে তখন তার স্ত্রী এসে একটি ছাতার আড়ালে একটি রামদা দিয়ে যায় তাকে। কিন্তু পুলিশ টের পায়নি। পরে ছাতা খুলতেই রুবেল রামদা হাতে সবাইকে ভয় দেখাতে থাকে। এতে পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তারে সামনের দিকে যেতে পারছে না। কেউ এগুলেই তাকে রামদা দিয়ে কোপানোর ভয় প্রদর্শন করছে রুবেল। একপর্যায়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেও তাকে উদ্বার করা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, রুবেল ও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসায়র সাথে জড়িত। এর আগে অস্ত্র নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল রুবেল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হরহামেশা স্থানীয়দের ছুরিকাঘাত করে থাকে সে।

এ বিষয়ে হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, রুবেলের বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরির মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে গেলে সে লাফ দিয়ে ডোবার কাদায় পড়ে। সেখানে ভবনের পাইলিংয়ে কাজ চলছিল। তাকে অনেকবার বুঝানোর পরও সে কাদা থেকে ওঠছে না। কাছে যেতেই রামদা দিয়ে ভয় দেখাচ্ছে। আমরা ধারণা করছি তাকে গ্রেপ্তার করলে সে নিজেকে আহত করতে পারে। গ্রেপ্তার সম্ভব না হলে পরে আবার অভিযান করব।

Tags :

সর্বশেষ