Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুদ করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেইট এলাকায় এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, ডিজিএফআই এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। গোপন তথ্যের ভিত্তিতে একটি অবৈধ তেলের ডিপোতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এর মধ্যে তিনটি ভাউচারে সংরক্ষিত ছিল প্রায় ২২ হাজার লিটার এবং একটি কন্টেইনারে পাওয়া যায় আরও ৩ হাজার লিটার ডিজেল।

অভিযানের সময় ডিপোর মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও নাসির নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িত।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি সাংবাদিকদের জানান, অবৈধভাবে তেল মজুদ ও বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, অতিরিক্ত তেল কিনে মজুদ করার প্রবণতা থেকে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সরে আসতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

সর্বশেষ