চট্টগ্রাম জেলায় কর্মরত সব থানার ওসিদের নিজ নিজ এলাকায় পেট্রোল পাম্পে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
তিনি নির্দেশনায় বলেন, পাম্পগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা নিয়মিত পরিদর্শন চালাতে হবে এবং জ্বালানি তেলের মজুদ, বিক্রি ও সরবরাহের অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, হিসাবের অসঙ্গতি কিংবা তথ্য গোপনের চেষ্টা ধরা পড়লে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
পুলিশ সুপার স্পষ্ট করে জানান, জ্বালানি তেল নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অবৈধভাবে তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি বা অপচয়ের মতো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, কেউ যদি এসব অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে জ্বালানি তেল সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।