চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে আবাসিক হোটেলে দেহ ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা :

সীতাকুণ্ডের সাইমুন হোটেলকে কেন্দ্র করে ‘অনৈতিক কর্মকাণ্ড’ ধরার অভিযোগে শুরু হওয়া ঘটনার জেরে শনিবার (১১ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করেছে পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি।

 

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক লিখিত বক্তব্য পাঠ করে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতা মো. আসাদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হামলা, ভাঙচুরের অভিযোগ তুলেছেন। তবে ঘটনার শুরুতে ওঠা হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগটি সংবাদ সম্মেলনে উঠে আসেনি।

হোটেলটিতে আদৌ এমন কোনো কার্যক্রম চলছিল কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কমিটির পক্ষ থেকে কোনো সুস্পষ্ট তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ঘটনাস্থলে পাওয়া ওই নারী ও পুরুষের পরিচয় কিংবা তাদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও উল্লেখ করা হয়নি।

উল্টো লিখিত বক্তব্যে সাজ্জাদ হোসেন রফিক দাবি করেন, গত ৬ এপ্রিল মো. আসাদের নেতৃত্বে একটি দল সাইমুন হোটেলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা হোটেলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে, ভাঙচুর চালায় এবং দায়িত্বরত ম্যানেজারকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ৮ এপ্রিল সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ ভিন্ন দাবি তোলে। সেখানে মঞ্চের নেতা মো. আসাদ অভিযোগ করেন, সীতাকুণ্ডের বিভিন্ন আবাসিক হোটেলে ব্যবসার আড়ালে দেহ ব্যবসা চলছে। ৬ এপ্রিল সাইমুন হোটেলে তাদের অভিযানের সময় একটি কক্ষ থেকে একজন নারী ও এক পুরুষকে পাওয়া যায়, যারা স্বামী-স্ত্রী নন বলে স্বীকার করেন; যার ভিডিওচিত্রও তাদের কাছে রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের সাইমুন হোটেলে ঘটনাটির সূত্রপাত হয়। ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতা মো. আসাদের নেতৃত্বে কয়েকজন হোটেলে প্রবেশ করেন। একটি ভিডিওচিত্রে দেখা যায়, তারা হোটেলের একটি কক্ষ থেকে একজন নারী ও এক পুরুষকে পান, যারা নিজেদের স্বামী-স্ত্রী নন বলে স্বীকার করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে হোটেলের ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়। কিছুক্ষণ পর হোটেল মালিক ঘটনাস্থলে এসে মঞ্চের নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে আসাদকে কাঠের টুকরা দিয়ে মারধর করার জন্য তেড়ে আসেন হোটেলের ম্যানেজার।

খবর পেয়ে সীতাকুণ্ড বাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক ঘটনাস্থলে পৌঁছান। একই সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি সমাধানের জন্য ওই দিন রাত ৮টায় সীতাকুণ্ড থানায় সালিশ বৈঠকের সিদ্ধান্ত হয়। তবে নির্ধারিত সময়ে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতারা উপস্থিত থাকলেও বাজার সমিতির নেতৃবৃন্দ ও হোটেল মালিক সেখানে উপস্থিত হননি বলে জানা গেছে।

Tags :

সর্বশেষ