চট্টগ্রাম বুলেটিন

স্থানীয় উৎসকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিপিসি, পাশাপাশি আমদানিও অব্যাহত আছে: বিপিসি

জ্বালানির চাহিদা মিটাতে স্থানীয় উৎসগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি বিদেশ থেকেও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের সংগ্রহের পরিমাণ বছরের পূর্ববর্তী মাসগুলোর তুলনায় বেশি। মাসের অবশিষ্ট দিনগুলোতেও স্থানীয় উৎস থেকে আরও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি গ্রহণের সুযোগ রয়েছে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিপিসি কর্মকর্তারা। এতে আরও জানানো হয়, গত ১৯ এপ্রিল একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার৷ যা অসত্য এবং ভিত্তিহীন ।

বিপিসি জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে উৎপাদিত জ্বালানি তেল সংগ্রহের জন্য তাদের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে । স্থানীয় উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে বিপিসি। ভবিষ্যতেও স্থানীয় উৎস থেকে জ্বালানি সংগ্রহের সুযোগ রয়েছে।

চলতি এপ্রিল মাসে বিভিন্ন বেসরকারি রিফাইনারি থেকে বিপিসি কী পরিমাণ জ্বালানি সংগ্রহ করেছে, তার একটি চিত্র নিচে তুলে ধরা হলো৷ বেসরকারি সুপার পেট্রোক্যামিকেল পিএলসি থেকে ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন, পেট্রোল ৭ হাজার ৭৭ মেট্রিক টন, ডিজেল ১২ হাজার ৮৮৪ মেট্রিক টন। এছাড়াও এ্যাকোয়া রিফাইনারি লিমিটেড থেকে অকটেন ২৯১ মে: টন, পেট্রোল ৪,০১৩ মে: টন, ডিজেল ৫৮১ মে. টন৷ অপরদিকে পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড অকটেন ৩,২৬৪ মে. টন, পেট্রোল ১,২৫৪ মে. টন ও ডিজেল ১,৮৯৬ মে. টন সংগ্রহ করা হয়েছে। এসব মজুদ চলতি বছরের পূর্ববর্তী মাসগুলোর তুলনায় বেশি। চলতি মাসের বাকি ১১ দিনে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সংগ্রহের সুযোগ রয়েছে।

Tags :

সর্বশেষ