চট্টগ্রাম বুলেটিন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন চট্টগ্রামের ব্যারিষ্টার শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনের জন্য ব্যারিষ্টার শাকিলা ফারজানাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ ৩৫ সদস্যের এই প্রার্থী তালিকা প্রকাশ করেন।

শাকিলা ফারজানা চট্টগ্রাম থেকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত হয়েছেন। তিনি দলের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পেশায় আইনজীবী শাকিলা ফারজানা সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা।

বাবার উত্তরসূরি হিসেবে শাকিলা ফারজানা চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। বিগত সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। ২০১৫ সালে জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের মিথ্যা অভিযোগে র‌্যাবের দায়ের করা মামলায় তিনি দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাবরণ করেন। তবে বিএনপি শুরু থেকেই একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালত তাকে এবং অন্য আসামিদের নির্দোষ ঘোষণা করে এই মামলা থেকে খালাস দেন।

পেশাগত জীবনে একজন সফল আইনজীবী শাকিলা ফারজানা ২০০৯ সাল থেকে তিনি পুরোপুরি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের মানবাধিকার সম্পাদক এরপর আন্তর্জাতিক সম্পাদক এবং বর্তমানে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন। ২০১৪ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হন। এরপর ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য হিসেবে আছেন।

দলীয় সূত্র জানায়, নারী অধিকার রক্ষা এবং রাজপথে সক্রিয় ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনেও তার এই মনোনয়ন ইতিবাচক সাড়া ফেলেছে।
বিএনপি ঘোষিত তালিকায় শাকিলা ফারজানা ছাড়াও সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা এবং নিপুণ রায় চৌধুরীর মতো জ্যেষ্ঠ ও সক্রিয় নারী নেত্রীদের নাম রয়েছে।
শাকিলা ফারজানার এই মনোনয়ন প্রাপ্তিতে চট্টগ্রামের স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তিনি সংসদে এই অঞ্চলের নারীদের অধিকার এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো ভূমিকা রাখবেন।

Tags :

সর্বশেষ