চট্টগ্রাম বুলেটিন

সরকারি সিটি কলেজে ছাত্র সংঘাত: সংলাপের আহ্বান ছাত্রশক্তির

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গত ২২ এপ্রিল দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে কলেজের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
এই অচলাবস্থা নিরসনে এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে সংঘাতের পথ পরিহার করে সংলাপের আহ্বান জানিয়েছে এনসিপি’র ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক খোলা চিঠির মাধ্যমে এই আহ্বান জানান জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য ও কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাওসিফ বিন রফিক।

উড়ো চিঠিতে বলা হয়, গত ২২ এপ্রিল ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর ফলে ক্যাম্পাসের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উভয় পক্ষকে শিক্ষকদের নিরপেক্ষ মধ্যস্থতায় এবং ছাত্রশক্তির প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে, ক্যাম্পাসের বড় ভাই হিসেবে পরিচিত এইচ এম মিশকাত (শিবির, সভাপতি) এবং সোহেল সিদ্দিক রণি ( সভাপতি, সিটি কলেজে ছাত্রদল) প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলা হয়, তারা যেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেন।

খোলা চিঠিতে তাওসিফ বিন রফিক উল্লেখ করেন, “আমরা আর সহিংসতা চাই না; আমরা চাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস। সংঘাত নয়, বরং সংলাপই হতে পারে বর্তমান সমস্যার একমাত্র টেকসই সমাধান।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, যদি সংশ্লিষ্টরা আলোচনায় সাড়া না দেন, তবে ধরে নেওয়া হবে তারা সংঘাত ও রক্তপাতের পথকেই বেছে নিচ্ছেন—যা কোনোভাবেই কাম্য নয়।

শিক্ষার্থীদের প্রত্যাশা, কলেজ প্রশাসন ও ছাত্র সংগঠনের দায়িত্বশীলরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবেন।

এদিকে সিটি কলেজে ছাত্রদলের সভাপতি সোহেল সিদ্দিক রনি ইতিমধ্যেই সংলাপের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, যারা আমাকে পেয়ে হিংস্র জানোয়ারের মতো মারধর করেছে তাদের সাথে কিসের সংলাপ?

Tags :

সর্বশেষ