চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলে হেলথ ক্যাম্প

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সীতাকুণ্ডের শিক্ষা প্রতিষ্ঠান ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে একটি দিনব্যাপী স্বাস্থ্য এবং দন্ত পরীক্ষা ক্যাম্প (Health and Dental Checkup Camp) অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দিনব্যাপী পরিচালিত এই বিশেষ ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন সীতাকুণ্ড উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা ডা. বোরহান উদ্দিন। তিনি শিক্ষার্থীদের সাধারণ শারীরিক ও প্রাথমিক স্বাস্থ্যগত বিভিন্ন দিক পরীক্ষা করেন এবং সুস্বাস্থ্য বজায় রাখার নানাবিধ নিয়মাবলী বুঝিয়ে বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হুদা, ডা. সামিরা ইয়াসমিন (এমবিবিএস), দন্ত চিকিৎসক তাসরিফ মো: বিন আলম (বিডিএস), মো: আশরাফ উদ্দিন রিমন (বিডিএস), স্কুলের সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন, ডিরেক্টর জয়নাল আবেদীন এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল কাউসার রহমান।

এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে আমন্ত্রিত বক্তারা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা বজায় রাখতে নিয়মিত এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসাথে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, কোমলমতি শিশুদের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ আরও বড় পরিসরে সম্প্রসারণ করা হবে।

ক্যাম্প চলাকালীন সময়ে চিকিৎসকদের অভিজ্ঞ দল অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি শিক্ষার্থীর চোখ, দাঁত, ওজনসহ সাধারণ শারীরিক পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন), উন্নত চিকিৎসার পরামর্শ এবং দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজক ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। কারণ সুস্থ শরীর ও সুন্দর মনই পারে একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি গড়ে দিতে।”
বিদ্যালয় প্রাঙ্গণে এমন সময়োপযোগী ও কার্যকরী ক্যাম্প আয়োজনের জন্য উপস্থিত অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি বিশেষ ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Tags :

সর্বশেষ