চট্টগ্রাম বুলেটিন

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সামার-২০২৬’র ওরিয়েন্টেশন আজ

চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ক্যাম্পাসে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সামার ২০২৬’ সেশনের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার এই পথচলাকে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব সাঈদ আল নোমান, এমপি।

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ভিশন নিয়ে তিনি তাঁর মূল্যবান বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার বা মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার হাসান মো: শওকত আলী। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, আইনানুগ সচেতনতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জীবনকে আনন্দময় ও ফলপ্রসূ করতে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং মিডিয়া সেলের সদস্যরা উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে এবং এর প্রচার-প্রসারে সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের এই যাত্রা শুরু হতে যাচ্ছে।

Tags :

সর্বশেষ