চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় বস্তাবন্দি অবস্থায় ১৬ কেজি ওজনের ১ হাজার ৩৫০টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের।
শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়। তবে বুলেটগুলোর সুনির্দিষ্ট ধরণ ও উৎস নিশ্চিত হতে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি তদন্ত মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, উদ্ধার হওয়া বুলেটের সংখ্যা ১ হাজার ৩৫০টি। এগুলোর মোট ওজন প্রায় ১৬ কেজি। কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এক বছর আগেও একই এলাকা থেকে বেশ কিছু বুলেট উদ্ধারের ঘটনা ঘটেছিল বলে শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।