Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সন্দ্বীপে পাঠদান ব্যাহত করে ছাত্রশক্তির জ্ঞান উৎসব

  • ডেস্ক রিপোর্ট:

সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয়ে রুটিন ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের বাধ্য করে ‘জুলাই জ্ঞান উৎসব’ শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতা আয়োজনের অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুটিন ক্লাস বাদ দিয়ে এমন আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

জানা যায়, আজ সকাল ১০:৩০ মিনিট থেকে বিদ্যালয়ের একটি ক্লাসরুমে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই কুইজ প্রতিযোগিতা চলে। এতে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৮০ থেকে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিনসহ সন্দ্বীপ উপজেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ঐ সময় তাদের রুটিন অনুযায়ী বিষয়ভিত্তিক ক্লাস চলছিল। কিন্তু ক্লাস বন্ধ রেখে একপ্রকার বাধ্য হয়েই তাদেরকে এই জ্ঞান উৎসবে অংশগ্রহণ করতে হয়।

শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরাও। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, আয়োজকরা প্রধান শিক্ষকের অনুমতি নিয়েছেন বলে দাবি করেন এবং একপ্রকার চাপ প্রয়োগ করেই শিক্ষকদের ক্লাস বন্ধ রাখতে বাধ্য করেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল ইসলাম বলেন, “ক্লাস চলাকালীন এমন কার্যক্রমে আমরা খুবই বিরক্তি বোধ করেছি।”

বিষয়টি নিয়ে অভিভাবকমহলেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কাইয়ুম নামের এক অভিভাবক বলেন, “আমরা জুলাইকে ধারণ করি। তবে অনুষ্ঠানটি ছুটির দিনে করলে ভালো হতো। ক্লাস ফাঁকি দিয়ে এটা কেমন ধরনের জ্ঞান উৎসব তা বুঝি না।”

এদিকে আয়োজকরা প্রধান শিক্ষকের অনুমতির কথা বলে শিক্ষকদের চাপ দিলেও প্রধান শিক্ষক বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। এ বিষয়ে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি স্কুলে আজ উপস্থিত ছিলাম না। দাপ্তরিক কাজে শহরে এসেছি। আজকে প্রোগ্রামের বিষয়ে আমি কিছু জানি না।”

প্রধান শিক্ষকের অনুমতি না থাকার পরও কেন তার নাম ব্যবহার করে শিক্ষকদের চাপ দেওয়া হলো এবং ক্লাস বাদ দিয়ে কুইজে অংশগ্রহণ করতে কোমলমতি শিক্ষার্থীদের কেন বাধ্য করা হলো—এসব প্রশ্নের উত্তর জানতে আয়োজকদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা সাড়া দেননি।

Tags :

সর্বশেষ