চট্টগ্রামে আওয়ামী লীগের উত্তর জেলা কার্যালয় দখলের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা।
বুধবার বিকেলে নগরের বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী রাফসান জানি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন। উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী জসীম উদ্দিন।
লিখিত বক্তব্যে এরফানুল হক বলেন, ফ্যাসিবাদী ও রাষ্ট্রবিরোধী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অপতৎপরতা থেমে নেই। চট্টগ্রামে তারা নানা অরাজক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি। এরফানুল দাবি করেন, “জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে তাদের এসব নীলনকশা ভেস্তে দিয়েছে।”
তিনি আরও বলেন, গত ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী চট্টগ্রামের দোস্ত বিল্ডিংয়ে জড়ো হয়ে বাকলিয়া এক্সেস রোডে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তা প্রতিহত করা হয়। “এই ঘটনার পর আমরা জানতে পারি, ফ্যাসিবাদী দলের স্থানীয় কার্যালয় এখনো দোস্ত বিল্ডিংয়ে অবৈধভাবে চলছে। বিল্ডিং কর্তৃপক্ষ জানায়, তারা গত ১২–১৫ বছর ধরে বিনা ভাড়ায় জায়গাটি দখল করে রেখেছে।”
এরফানুল হক বলেন, “আমরা জাতীয় নাগরিক পার্টি (জেএনপি) দৃঢ়ভাবে ঘোষণা দিচ্ছি—আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো সংগঠনের উত্থান ঘটতে দেব না।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে এনসিপির নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখলের ঘটনা ঘটে।
ইএএম/চট্টগ্রাম বুলেটিন