চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার। বিকেল আড়াইটায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।
রবিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ মে চট্টগ্রামের কাজীর দেউড়ীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশেষ সাধারণ সভার মাধ্যমে গঠিত হয় পাঁচ সদস্যের এডহক কমিটি। কমিটির আহ্বায়ক হন মোহাম্মদ আসলাম চৌধুরী। সদস্য হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এম এ হালিম ও কামরুল হাসান হারুন।
পরে এডহক কমিটি গঠনতন্ত্র অনুসারে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঈদ পুনর্মিলনীর আয়োজনের উদ্যোগ নিলেও জুলাই বিপ্লবের প্রতি সংহতি প্রকাশ, ভারী বর্ষণ ও রাষ্ট্রীয় পরিস্থিতি অনুকূলে না থাকায় একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ ১২ সেপ্টেম্বর পুনর্মিলনীর তারিখ চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে ৩ হাজার প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।