চট্টগ্রাম বুলেটিন

মাদক সেবনের ভিডিও ভাইরাল বৈছায়া’র মুখপাত্র লিজা বহিস্কার

মাদক সেবনের ভিডিও ও আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিস্কার করা হয়েছে।

বিষয়টি শনিবার (১৭ মে) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমে একটি বহিস্কারাদেশ পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, মহানগর শাখার মুখপাত্র ফাতিমা খানম লিজা’র মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের উপর দাঁড়ানো এই প্লাটফর্মের কোন সদস্যের বিরুদ্ধে এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

ওই আদেশে বৈছায়া চট্টগ্রাম শাখার আহ্বায়ক আরিফ মঈনুদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষর করেছেন।

আরিফ মঈনুদ্দীন বলেন, লিজার মাদক সেবনের ভিডিও ও বেশকিছু আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা এসব অপকর্ম সমর্থন করিনা, আমাদের সাথে এসবের কোন সম্পর্ক নেই, থাকতে পারেনা। তাই তাকে বহিস্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা খানম লিজা বলেন, হঠাৎ করে কি হলো বুঝতে পারছিনা। ঘুম থেকে ওঠেই দেখি আমাকে বহিস্কার করা হয়েছে। আমার ব্যক্তিগত বিষয়ে সংগঠন কখনও বহিস্কার করতে পারেনা। আমি মনে করছি তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিডিওতে আমি একটি বেইভ (এক ধরণের ইলেকট্রিক সিগারেট) নিয়েছিলাম। এটা একটা সাধারণ বিষয়। যারা আমাকে বহিস্কার করেছে তারা সকাল-সন্ধ্যা গাজা খায়। আমি কোন ব্যবস্থা নিলে পরবর্তীতে জানাতে পারব।

 

Tags :

সর্বশেষ