চট্টগ্রামের রাউজানের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবালকে (৫২) পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ইকবাল হোসেন চৌধুরী হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইকবাল রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছ ওরফে কালু মেম্বারের ছেলে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। ওসি আর মনিরুল বলেন, নথিপত্র পর্যালোচনায় ইকবালের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ দাঙ্গা-মারামারি ও অপহরণ সংক্রান্ত ১১টি মামলা পাওয়া গেছে।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার বিরুদ্ধে রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৪০টির বেশি মামলা রয়েছে। গ্রেফতার ইকবাল চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলার আসামি বলেও জানান ওসি মনিরুল।