নিজস্ব প্রতিবেদক:
প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। হালদায় মা মাছ ডিম ছাড়ার তথ্যটি আজ শুক্রবার সকালে জানিয়েছেন হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম।
জানা গেছে, হালদা নদী হাটহাজারী অংশ মাদার্শা আমতুয়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। পরবর্তীতে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেন শুক্রবার সকাল পর্যন্ত। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডিম সংগ্রহের পরিমাণ জানা যায়নি। এপ্রিল থেকে জুন মাস হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়।
মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পানি বাড়ে। আর এতে মা মাছ ডিম ছাড়ে।
ডিম সংগ্রহকারী মোঃ শফি জানান, মঙ্গলবার ও বৃহস্পতিবার হালদা নদীতে কয়েকটি নৌকায় কিছু নমুনা ডিম সংগ্রহ করেছি এরপর নদীতে শতাধিক নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করার জন্য অপেক্ষা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দমকা হাওয়া, বজ্রসহ প্রবল বর্ষণ হওয়ায় হালদা নদীর পানি বেড়েছে। পানি বাড়ার সাথে সাথে আল্লাহর রহমতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হালদা নদীতে পরিপূর্ণভাবে মা মাছ ডিম ছাড়ে।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, আনুমানিক রাত ২ টার পর থেকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। পরবর্তীতে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
সকাল ৭টা পর্যন্ত হালদা নদীর দুই পাড়ে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন। ডিম সংগ্রহ করতে পেরে ডিম সংগ্রহকারীদের মুখে হাসি ফুটেছে।

এর আগে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার হালদা নদীতে বিভিন্ন স্থানে কয়েকবার সামান্য পরিমাণে নমুনা ডিম ছেড়েছে মা মাছ।
উল্লেখ্য,হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত মৌসুম সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত। এ সময় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পায় আর এতে মা মাছ ডিম ছাড়ে।
