চট্টগ্রাম বুলেটিন

সামাজিক ও রাজনৈতিক প্লাটফর্ম “জনতার ঐক্য”র আত্মপ্রকাশ

ঐক্যই আমাদের শক্তি, জনতা আমাদের পরিবার”- এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় নিয়ে চট্টগ্রামে নতুন সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জনতার ঐক্য’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক হলে আয়োজিত সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার আতিক সুজন।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন ‘জনতার ঐক্য’-এর আত্মপ্রকাশ ঘোষণা করেন। তিনি বলেন, রাষ্ট্রের কাজ খয়রাত বা চাকরি দেওয়া নয়, বরং কর্মসংস্থানের ইকোসিস্টেম তৈরি করা। গতানুগতিক ধারার রাজনীতি সাধারণ মানুষকে কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ভেঞ্চার ক্যাপিটাল এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সিন্ডিকেট ভাঙার দাবি নিয়ে তারা রাজপথে থাকবেন।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মোশাররফ হোসেন রবিন বলেন, ‘জনতার ঐক্য’ শুধু এসি রুমের সংগঠন নয়। আগামী তিন মাসের মধ্যে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় সংগঠনটির স্থানীয় কমিটি গঠন করা হবে। স্থানীয় পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করতে ‘জনতার অডিট’ বা সামাজিক জবাবদিহিতার মডেল চালু করা হবে। পাশাপাশি যুবকদের জন্য আইটি হাব ও সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড সেল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।

সহ-সমন্বয়কারী হাশমিরা হায়দার চৌধুরী বলেন, ত্রাণ-নির্ভর রাজনীতি মানুষকে সাময়িকভাবে বাঁচিয়ে রাখলেও দীর্ঘমেয়াদে নির্ভরশীল করে তোলে। তাই পাড়া-মহল্লাভিত্তিক সমবায় উৎপাদনশীল হাব গড়ে তুলে নারী ও যুবকদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। নারীদের নীতিনির্ধারণী পর্যায়েও নেতৃত্বে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সমন্বয়কারী মো. আশরাফ উদ্দীন নয়ন। তিনি জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ। তিনি ‘জনতার ঐক্য’কে জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূল নেতৃত্ব ঘোষণা করেন। পরে কেন্দ্রীয় সংগঠক ও সদস্যদের নাম ঘোষণা করেন সহ-সমন্বয়কারী হাশমিরা চৌধুরী।
এছাড়া কেন্দ্রীয় সংগঠক মো. মোফাজ্জেল হোসেন চৌধুরী, সংগঠক আব্দুর রহমান সিদ্দিকসহ অনেকে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলন শেষে ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জুলাই ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত, শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার শান্তি এবং দেশের শান্তি-শৃঙ্খলা কামনা করা হয়। পরে উপস্থিত সাংবাদিক, অতিথি ও সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Tags :

সর্বশেষ