ছুটির দিনেও নগরবাসীর ভোগান্তি লাঘবে মাঠপর্যায়ে নেমে কাজ করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আজ শুক্রবার বিকেলে তিনি নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-কোয়াইশ সড়ক পরিদর্শনে যান এবং সড়কের খানাখন্দগুলো সংস্কারে তড়িৎ গতিতে কাজ শুরু করান।
সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ফোনে সড়কটি সম্পর্কে সিডিএ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, হাটহাজারীর দিকে যাওয়া অক্সিজেন-কোয়াইশ সড়কটির বেহাল দশা এবং এটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। অসংখ্য খানাখন্দে ভরে গেছে সড়কটি। এতে পথচারীসহ স্থানীয়দের নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে।
বিষয়টি জানার পরপরই সিডিএ চেয়ারম্যান কালক্ষেপণ না করে সংস্থার প্রকৌশলীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সেখানে কাজ শুরু হয়। তবে ছুটির দিন হওয়া সত্ত্বেও বিকেলে সিডিএ চেয়ারম্যান নিজেই কাজের অগ্রগতি পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত থেকে শ্রমিক ও প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই দ্রুত পদক্ষেপের ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের দীর্ঘদিনের ভোগান্তি দ্রুতই দূর হবে।